Tripura TET English Preparation: Step-by-Step Syllabus & Strategy in Bengali

 ত্রিপুরা টিচার এলিজিবিলিটি টেস্ট। সহজ কথায় আপনি শিক্ষক হওয়ার যোগ্য কিনা সেটা ত্রিপুরা সরকার যে পরীক্ষার মাধ্যমে যাচাই করে। একটা পরীক্ষা আপনি যোগ্য কিনা তা প্রমাণ করার যোগ্যতা রাখে বলে আমি মনে করি না, কিন্তু যেহেতু এই সিস্টেমেই আমাদের থাকতে হবে, এবং যাচাইয়ের যে এর চেয়ে খুব ভালো উপায় আমাদের কাছে আছে তাও নয়, কাজেই ত্রিপুরা রাজ্যে বুনিয়াদি স্তরের শিক্ষক হতে গেলে এই পরীক্ষায় আপনাকে বসতেই হবে। এবং বসতে হলে প্রস্তুতি নিয়েই বসা ভালো, আমার অনেক দিনের ইচ্ছা আপনাদের এই প্রস্তুতি পর্বের সঙ্গী হওয়া। আপনাকে সাহায্য করা। সমস্ত বিষয় না হোক, অন্তত ইংরেজি বিষয়টাকে আপনাদের কাছে এমনভাবে তুলে ধরা যাতে ইংরেজির জন্য আপনাকে আর দুশ্চিন্তা না করতে হয়।

এই ব্লগে, আমি এক এক করে T-TET Paper 1 এবং Paper 2 উভয়ের জন্যই আলোচনা করব, আপনারা কেবল আমার প্রত্যেকটি পোস্ট পড়বেন, এবং অনুসরণ করবেন। যেহেতু আমাদের একেক জনের শিক্ষাগত মান একেক রকম, যাতে প্রত্যেকেই বুঝতে পারেন সেইভাবে লেখার চেষ্টা করব। একদম গোড়া থেকে শুরু করে উচ্চস্তরের ধারণাগুলো একে একে স্পষ্ট করব।

পরীক্ষা যাই হোক, আমাদের শুরু করতে হবে Syllabus সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরির মাধ্যমে। ইংরেজির সিলেবাসে কী আছে? Paper 1 এবং Paper 2, উভয় পেপারের সিলেবাস-ই প্রায় এক, পেপার ২-তে কয়েকটি বিষয় অতিরিক্ত আছে শুধু। যাই হোক, আমাদের সিলেবাসের দুটো ভাগ— A. Language Comprehension অর্থাৎ ভাষা বোঝার ক্ষমতা এবং B. Pedagogy for Language Development অর্থাৎ ভাষা বিকাশের শিক্ষাদান পদ্ধতি, একজন শিক্ষার্থীকে কীভাবে পড়াতে হবে যাতে সে একটি ভাষা (আমাদের ক্ষেত্রে ইংরেজি) অর্জন করতে পারে।

প্রথম ভাগে যা আছে তা আমরা সাধারণ স্কুল-কলেজে শিখেছি এবং দ্বিতীয় ভাগের বিষয়গুলো আমরা বি.এড. বা ডি.এল.এড. ইত্যাদি প্রফেশনাল কোর্সে শিখেছি। আমাদের পড়া নয় এমন কিছুই সিলেবাসে নেই, কাজেই আমাদের কাজ মূলত হচ্ছে রিভিশন দেওয়া বা আমাদের যদি স্কুল-কলেজে পড়াকালীন কোনো ঘাটতি থেকে থাকে সেটা ঝালাই করে নেওয়া।

আমরা ধরে নিচ্ছি আমাদের কিছুই মনে নেই, অনেক দিন হয়েছে পড়েছি, সব ভুলে গেছি। এটা ধরে নিয়ে আমরা পড়ব, এতে করে আমাদের প্রস্তুতিতে আর কোনো খামতি থাকার সম্ভাবনা থাকবেই না।

এইবার আমরা সিলেবাসের অভ্যন্তরে ঠিক কোন কোন জিনিস আছে এবং TRBT ঠিক কী যাচাই করতে চায় সেটা বোঝার চেষ্টা করি।

PART A. LANGUAGE COMPREHENSION

(i) Two passages, one from prose/drama and the other from poetry with questions on comprehension, inference, grammar and test of vocabulary. (Prose passage may be literary, scientific, narrative or discursive).

অর্থাৎ দুটো অনুচ্ছেদ থাকবে, এর মধ্যে একটি থাকবে কোনো গদ্য বা নাটক থেকে এবং অন্যটি থাকবে একটি কবিতা থেকে। দুটো অনুচ্ছেদের সাথে প্রশ্ন থাকবে, প্রশ্নগুলো comprehension অর্থাৎ আপনার বুঝতে পারার ক্ষমতা যাচাই করবে, inference অর্থাৎ অনুমান করার ক্ষমতা যাচাই করবে— আরও সহজ করে বললে, মনে করুন অনুচ্ছেদে কিছু একটা তথ্য দেওয়া আছে, সরাসরি এই তথ্য থেকে প্রশ্ন না করে এই তথ্যের মাধ্যমে অনুমান করা যায় এমন কিছু একটা জিজ্ঞেস করবে, inference এটাকেই বলে। পাশাপাশি grammar অর্থাৎ ব্যাকরণের ওপরও প্রশ্ন থাকবে, এবং থাকবে vocabulary বা শব্দভাণ্ডারের ওপর। অনুচ্ছেদ থেকে একটা শব্দ দিয়ে বলতে পারে এর সমার্থক বা বিপরীতার্থক শব্দ কোনটি, সঠিক বিকল্পটি আপনাকে বেছে নিতে হবে, বা বাইরের শব্দের সমার্থক বা বিপরীতার্থক শব্দটি অনুচ্ছেদ থেকে বেছে নিতে বলতে পারে। কাজেই সেই শব্দটি আপনার জানা না থাকলে একটু অসুবিধায় পড়তে হবে বৈকি! আমরা যদিও আমাদের জানা শব্দের সংখ্যা বাড়ানোর চেষ্টা করব, রোজ নতুন কিছু শব্দ শেখার চেষ্টা করব, কিন্তু একেবারেই যদি অজানা শব্দ চলে আসে, ঘাবড়ানোর কিছু নেই, বাক্যের মধ্যে শব্দটি কোথায় কেমন করে ব্যবহৃত হয়েছে সেটা বিশ্লেষণ করে তার অর্থ কী হতে পারে তা অনুমান করে পরীক্ষায় উত্তর দিয়ে আসব। অনুমান সঠিক হলে এক নম্বর, না হলে তো বাড়তি ক্ষতির কিছু নেই।

এইবার কথা হচ্ছে গদ্যাংশটির বিষয় কী হতে পারে? সিলেবাস অনুসারে সাহিত্য, বিজ্ঞান, বিবরণ বা বিশ্লেষণধর্মী লেখা হতে পারে, সহজ কথায় যা কিছু হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই সাম্প্রতিক প্রাসঙ্গিক বিষয়ের ওপরই থাকে। আমাদের প্রস্তুত থাকতে হবে সমস্ত বিষয়ের জন্যই।

Grammar তো থাকবেই, কিন্তু গ্রামারের কোন বিষয়গুলো থাকবে?

(ii) Test of grammatical knowledge on the following items:

  • Concord

  • Question tags

  • Prepositions

  • Tense and time

  • Determiners

  • Phrasal verbs

  • Gerunds

  • Error identification

  • Modals

  • Degree of comparison

  • Transformation of sentences

Concord: Concord অর্থাৎ Subject-Verb Concord বা Subject-Verb Agreement, অর্থাৎ একটা বাক্যের Subject বা কর্তা এবং সেই বাক্যের ক্রিয়াপদের মধ্যে চুক্তি। যেমন I am, কিন্তু He is, We are— একেকটি কর্তা একেকটি verb-এর সঙ্গে বসছে। বেশ কয়েকটি নিয়ম আছে, সেই নিয়মগুলো আমাদের ভালো করে জানতে হবে।

Question Tags: Question Tags, অর্থাৎ I am tired, aren’t I? বাংলায় যখন আমরা একটা কথা বলে শ্রোতার সমর্থনের জন্য বলি “তাই না?”, এটাই ইংরেজিতে কীভাবে বলতে হয় তার নিয়ম।

Prepositions: Prepositions আমরা সবাই জানি, at, on, in, into, above ইত্যাদি হচ্ছে Prepositions, এগুলোর ঠিকঠাক ব্যবহার আমাদের জানতেই হবে।

Tense and Time: এটি ইংরেজি ব্যাকরণের মূল ভিত্তি। কোনো কাজ কখন ঘটছে— বর্তমানে, অতীতে না ভবিষ্যতে— তা বোঝাতে Tense-এর ব্যবহার হয়। তবে মনে রাখবেন, 'Time' বা সময় এবং 'Tense' কিন্তু হুবহু এক জিনিস নয়। যেমন— The train leaves tomorrow at 5 PM— বাক্যটিতে Tense হলো Present, কিন্তু এটি নির্দেশ করছে Future Time বা ভবিষ্যতের সময়কে। এই সূক্ষ্ম পার্থক্যগুলো আমাদের জেনে রাখতে হবে।

Determiners: Determiners হলো সেই সব শব্দ যা কোনো Noun-এর আগে বসে তার পরিমাণ, নির্দিষ্টতা বা সংখ্যা নির্দেশ করে। যেমন— a, an, the (Articles), this, that (Demonstratives), some, many, few, much (Quantifiers)। অনুচ্ছেদে বা বাক্যে কোনটি ঠিক কোথায় বসবে তা আমাদের রপ্ত করতে হবে।

Phrasal Verbs: একটি Verb-এর সাথে Preposition বা Adverb যুক্ত হয়ে যখন সম্পূর্ণ নতুন একটি অর্থ প্রকাশ করে, তাকে Phrasal Verb বলা হয়। যেমন— Give মানে দেওয়া, কিন্তু Give up মানে চেষ্টা ছেড়ে দেওয়া বা ত্যাগ করা। পরীক্ষায় এগুলোর সঠিক অর্থ ও প্রয়োগ সম্পর্কিত প্রশ্ন থাকবে।

Gerunds: যখন কোনো Verb-এর শেষে -ing যুক্ত হয়ে সেটি বাক্যে Noun হিসেবে কাজ করে, তখন তাকে Gerund বলে। যেমন— Swimming is a good exercise। এখানে Swimming শব্দটি ক্রিয়া থেকে এলেও বাক্যে কর্তার (Noun) ভূমিকা পালন করছে। এটি দেখতে Verb-এর মতো হলেও কাজ করে Noun-এর, এই ধারণাটি পরিষ্কার থাকা চাই।

Error Identification: এটি মূলত আপনার সামগ্রিক ব্যাকরণগত দক্ষতার পরীক্ষা। একটি বাক্যে ভুল কোথায় আছে (তা হতে পারে Concord, Preposition, Tense বা অন্য যেকোনো নিয়মের ভুল) তা খুঁজে বের করতে হবে। নিয়মগুলো ভালোভাবে জানা থাকলে এটি উত্তর করা খুবই সহজ হয়ে যাবে।

Modals: Modals হলো বিশেষ এক ধরনের Helping Verbs, যেমন— can, could, may, might, shall, should, will, would, must, ought to ইত্যাদি। এগুলো বাক্যে সম্ভাবনা, সামর্থ্য, অনুমতি, বাধ্যবাধকতা বা উপদেশ বোঝাতে ব্যবহৃত হয়। যেমন— You must study hard। সঠিক জায়গায় সঠিক Modal-এর প্রয়োগ জানা জরুরি।

Degree of Comparison: কোনো ব্যক্তি, বস্তু বা গুণাবলীর মধ্যে তুলনা করার পদ্ধতিকে Degree বলে। এটি তিন প্রকার— Positive (Good), Comparative (Better), এবং Superlative (Best)। এক রূপ থেকে অন্য রূপে বাক্যকে পরিবর্তন করার নিয়ম আমাদের শিখতে হবে।

Transformation of Sentences: বাক্যের আসল অর্থ বা ভাব অপরিবর্তিত রেখে তার গঠন বদলে দেওয়াই হলো Transformation of Sentences। যেমন— Affirmative থেকে Negative, Assertive থেকে Interrogative, কিংবা Simple, Complex ও Compound Sentences-এর মধ্যে রূপান্তর। একটু চর্চা করলেই এটিতে পূর্ণ নম্বর তোলা সম্ভব।



এইবার আমরা প্রবেশ করব সিলেবাসের দ্বিতীয় ভাগে, যা আমাদের প্রফেশনাল কোর্সগুলোর (যেমন B.Ed. বা D.El.Ed.) সাথে ওতপ্রোতভাবে জড়িত। একটু খুঁটিয়ে দেখলে বুঝতে পারবেন, এগুলো খুব কঠিন কিছু নয়— আমরা আমাদের শিক্ষক প্রশিক্ষণের সময় এগুলোর সাথে ইতিমধ্যেই পরিচিত হয়েছি। চলুন, এক নজরে দেখে নেওয়া যাক এই অংশে ঠিক কী কী রয়েছে এবং TRBT এখান থেকে ঠিক কী ধরনের প্রশ্ন করতে পারে:

PART B. PEDAGOGY FOR LANGUAGE DEVELOPMENT

(i) Language acquisition and learning: ভাষা অর্জন (Language acquisition) হলো অবচেতন মনে, স্বাভাবিক পরিবেশ থেকে কোনো ভাষা অবলীলায় আয়ত্ত করা— যেমনটা আমরা আমাদের মাতৃভাষা শিখে থাকি। আর অন্যদিকে ভাষা শিখন (Language learning) হলো সচেতনভাবে, নিয়মকানুন ও ব্যাকরণ মেনে কোনো নতুন ভাষা শেখা (যেমন আমাদের ক্ষেত্রে ইংরেজি)। এই দুটোর সূক্ষ্ম পার্থক্য এবং এদের পেছনের মনস্তাত্ত্বিক দিকগুলো আমাদের পরিষ্কার রাখতে হবে।

(ii) Principles of language teaching: যেকোনো ভাষা পড়ানোর কিছু নির্দিষ্ট ও পরীক্ষিত বৈজ্ঞানিক নিয়ম বা নীতি থাকে— যেমন জানা থেকে অজানা (Known to Unknown), মূর্ত থেকে বিমূর্ত (Concrete to Abstract), কিংবা বিশ্লেষণ থেকে সংশ্লেষণ। একজন শিক্ষক হিসেবে ক্লাসে কোন নীতি মেনে এগোলে শিক্ষার্থীরা সহজে ভাষাটি আত্মস্থ করতে পারবে, সেই মূলসূত্রগুলো আমাদের জানতে হবে।

(iii) Language skills - strategies to develop them: ইংরেজি ভাষা শিক্ষার চারটি মূল স্তম্ভ বা ভিত্তি হলো LSRW— অর্থাৎ Listening (শোনা), Speaking (বলা), Reading (পড়া) এবং Writing (লেখা)। এই চারটি দক্ষতাকে শিক্ষার্থীর মধ্যে সমানভাবে এবং ধাপে ধাপে গড়ে তোলার জন্য ক্লাসরুমে কী কী আধুনিক কৌশল বা স্ট্র্যাটেজি প্রয়োগ করতে হবে, তা এখান থেকে যাচাই করা হয়।

(iv) Critical perspective on the role of grammar in learning a language for communicating ideas in oral and written form: শুধু ব্যাকরণের নিয়ম মুখস্থ করাটাই কি ভাষা শেখা? মনের ভাব মুখে বা লেখার মাধ্যমে সঠিকভাবে ও সাবলীলভাবে প্রকাশ করার ক্ষেত্রে ব্যাকরণ ঠিক কতখানি ভূমিকা পালন করে, তার একটি সমালোচনামূলক মূল্যায়ন হলো এটি। অর্থাৎ, ব্যাকরণকে কীভাবে কেবল একটি বিষয় হিসেবে না রেখে যোগাযোগের কার্যকরী মাধ্যম হিসেবে ব্যবহার করতে হবে, সেটাই এখানে আসল কথা।

(v) Challenges of teaching language in diverse classrooms - language difficulties, errors and disorders: আমাদের ক্লাসরুমগুলো তো সব সময় একরকম হয় না— সেখানে নানা সংস্কৃতি ও ভিন্ন ভাষাভাষী শিশুরা একসঙ্গে পড়ে। ভাষা শেখার ক্ষেত্রে তাদের সাধারণ ভুলত্রুটি (Errors and Mistakes), শিখন সংক্রান্ত বিভিন্ন সমস্যা বা ডিসঅর্ডার (যেমন ডিসলেক্সিয়া বা পঠনগত অক্ষমতা) এবং এই বৈচিত্র্যময় চ্যালেঞ্জগুলো সামলে একজন শিক্ষক কীভাবে এগোবেন, তার একটা স্পষ্ট ধারণা থাকা দরকার।

(vi) Introduction to English Phonology - vowels and consonant classification as per IPA, syllable division: ইংরেজি উচ্চারণ বা ফনেোলজি (Phonology) নামটা শুনে ঘাবড়ানোর কিছু নেই! এখানে মূলত International Phonetic Alphabet (IPA) বা আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা অনুযায়ী স্বরবর্ণ (Vowels) ও ব্যঞ্জনবর্ণের (Consonants) সঠিক উচ্চারণগত শ্রেণিবিভাগ এবং একটি শব্দকে কীভাবে ছোট ছোট অংশে বা সিলেবলে (Syllable division) ভাগ করতে হয়, তার প্রাথমিক ধারণাগুলো আমাদের ঝালাই করে নিতে হবে।

(vii) Teaching-learning materials: textbooks, multimedia materials, ICT, multilingual resources of the classroom: পঠন-পাঠনকে আরও জীবন্ত, আকর্ষক ও ফলপ্রসূ করতে আমরা ক্লাসে কী ধরনের সাহায্যকারী উপকরণ বা TLM ব্যবহার করব? প্রথাগত পাঠ্যপুস্তক ছাড়িয়ে মাল্টিমিডিয়া, আধুনিক আইসিটি (ICT) মাধ্যম এবং আমাদের ক্লাসরুমের বহুভাষিক পরিবেশকে (Multilingual resources) কীভাবে পঠন-পাঠনে সঠিকভাবে কাজে লাগানো যায়, তা নিয়েই এই অংশটি।

(viii) Evaluating language comprehension and proficiency in LSRW (listening, speaking, reading and writing): শিক্ষার্থীরা কতটা বুঝতে পারল বা তাদের LSRW দক্ষতা কতটা শাণিত হলো, তা মূল্যায়নের সঠিক পদ্ধতি বা পরীক্ষা নেওয়ার কৌশলগুলো কী কী— যেমন ফর্ম্যাটিভ (Formative) ও সামেটিভ (Summative) মূল্যায়ন বা কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন (CCE), সে বিষয়ে স্বচ্ছ ধারণা থাকতে হবে।

(ix) Strategies for teaching children with special needs (CWSN): সমাজের মূলধারার বাইরে না রেখে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের (Children with Special Needs) সাধারণ ক্লাসরুমে ইনক্লুসিভ এডুকেশনের (Inclusive Education) মাধ্যমে কীভাবে সাধারণ শিক্ষার্থীদের সাথে মিলিয়ে ইংরেজি পড়ানো যাবে, তার বিশেষ কৌশল ও সংবেদনশীল দৃষ্টিভঙ্গি আমাদের আত্মস্থ করতে হবে।

(x) Remedial teaching: শিক্ষার্থীদের কোনো নির্দিষ্ট জায়গায় দুর্বলতা বা বোঝার ঘাটতি থাকলে, ডায়াগনস্টিক টেস্ট (Diagnostic Test) বা ত্রুটি চিহ্নিতকরণের মাধ্যমে সেই ঘাটতি খুঁজে বের করে তা দূর করার জন্য যে বিশেষ উপশমমূলক বা রিমেডিয়াল পাঠদান (Remedial teaching) দিতে হয়, তার সঠিক পদ্ধতি ও প্রয়োগ আমাদের জানতে হবে।



এই হচ্ছে আমাদের T-TET-এর ইংরেজি সিলেবাস। পেপার ১ এবং পেপার ২, দুটোই এতে আছে, আপনার সুবিধার জন্য সোজা বাংলায় আমি প্রত্যেকটি টপিকের একটি ধারণা দিলাম, এইবার আপনি নিজের মতো করে সিলেবাসটি দেখুন, বুঝুন।

কাল থেকে আমরা গ্রামার পড়া শুরু করব, একেকটা টপিক শেষ করার পর অভ্যাস করার জন্য প্রশ্ন দেব। গ্রামার শেষ হয়ে গেলে অনুচ্ছেদ অভ্যাস করব এবং Pedagogy-র দিকে এগিয়ে যাব। এই হচ্ছে আমার পরিকল্পনা। আজকের জন্য এ পর্যন্তই। ধন্যবাদ।

X

Never Miss an Update!

Join my newsletter to get the latest posts from AbhijitDas.in directly to your inbox.